

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও নিয়োগপত্র না পাওয়ায় আন্দোলনের পথ বেছে নিয়েছেন হবু শিক্ষকরা। অবিলম্বে নিয়োগপত্র হস্তান্তরের দাবিতে রবিবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে শিক্ষকরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়েন। পরে তারা জাদুঘরের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি অবস্থান বজায় ছিল।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, আড়াই মাস আগে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হলেও এখন পর্যন্ত কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষও কোনো স্পষ্ট বার্তা দিচ্ছে না। নিয়োগপত্র আটকে রেখে তাদের ভবিষ্যতের সাথে তালবাহানা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
শিক্ষকদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা রয়েছে—‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। দ্রুত সময়ের মধ্যে নিয়োগপত্র ইস্যু করে তাদের শ্রেণিকক্ষে পাঠাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্য করুন