

বরিশাল নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের কার্যালয় থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকূট জব্দের কথা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের ছোট ভাই দীপক কুমার চ্যাটার্জি উদ্ধার করা চিরকূটগুলোর হাতের লেখা ও স্বাক্ষর পুলক চ্যাটার্জির বলে শনাক্ত করেছেন। চিরকূটগুলোতে যা উঠে এসেছে:
সুইসাইড নোট: নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি। এতে শারীরিক অসুস্থতা ও ভারতে চিকিৎসার কথা বলা হয়েছে।
প্রশাসনিক অনুরোধ: প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশ্যে লেখা নোটে ময়নাতদন্ত ও প্রশাসনিক ঝামেলা ছাড়া লাশ হস্তান্তরের আকুতি জানান।
বকেয়া টাকা আদায়: সাবেক সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশ্যে লেখা চিঠিতে সমকালের কাছে তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারকে দেওয়ার অনুরোধ করেন।
মেয়ের উদ্দেশ্যে: কন্যাকে পড়াশোনা ও গান চর্চা চালিয়ে যেতে বলেন।
পরিবার জানায়, ২০২৩ সালে সমকাল থেকে অব্যাহতির পর থেকে তিনি বেকার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
মন্তব্য করুন