

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে তলিয়ে যাওয়া চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকালে ভৈরব থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—গাজীপুরের কালীগঞ্জের ভঙ্গাল গ্রামের মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুরের সৌরভ (১৮)। এ ঘটনায় এখনও টাঙ্গাইলের মো. শান্ত (২৪) নামের একজন নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে শিবপুরের লাখপুর গ্রামে মজনু মিয়ার বাড়িতে ঘুরতে আসেন তিন অতিথি। বিকাল সাড়ে ৪টার দিকে তারা স্থানীয় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে তিনজন পানির তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকলে তাদের বাঁচাতে এগিয়ে যান স্বাগতিক পরিবারের সদস্য সৌরভ। কিন্তু স্রোতের টানে তিনিও চারজনের সাথে নদীতে তলিয়ে যান।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, শুক্রবার ঘটনার পরপরই তল্লাশি চালানো হলেও রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে নদী থেকে একে একে তিনজনের লাশ উদ্ধার করে। নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারে নদীতে ফায়ার সার্ভিসের অভিযান এখনও অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন