

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ন্যাম ভবনের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়ম খাতুনের হাতে লেখা চিঠিগুলোতে ফুটে উঠেছে সম্পর্কের টানাপোড়েন, প্রতারণা, চরম বিশ্বাসভঙ্গ ও গভীর মানসিক কষ্টের চিত্র। জাতীয় সংসদের প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় একই সঙ্গে উঠে এসেছে আক্ষেপ, আত্মসম্মানবোধ এবং ভবিষ্যৎ পরিণতি নিয়ে কঠোর হুশিয়ারি।
উদ্ধার হওয়া চিঠিগুলোতে মরিয়মের লেখা বিভিন্ন আবেগঘন ও ক্ষোভপ্রকাশক বার্তা পাওয়া গেছে:
বিশ্বাসভঙ্গ ও প্রতারণা: জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে লেখা একটি পাতায় তিনি লেখেন, “আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।” তিনি আরও লেখেন, “সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু... চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানত—আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।”
অধিকার ও ভালোবাসার আক্ষেপ: অন্য একটি পাতায় সতীনের উপস্থিতির বিষয়টি উল্লেখ করে লেখেন, “সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা...!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ...!!! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের, কারণ ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়... ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!”
আত্মসম্মান ও ধ্বংসের হুশিয়ারি: ক্ষোভ প্রকাশ করে অপর একটি বার্তায় তিনি লেখেন, “আমি হেরেছি... তুমি জিতেছো... কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি ধ্বংসের প্রান্তে দাঁড়িয়েও মুখে হাসি রেখেছি... ভেবে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।” লাল কালিতে লেখা অন্য একটি সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, “শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই...!”
ধর্মীয় আমলের তালিকা
চিঠিগুলোর সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখসংবলিত একটি পাতাও উদ্ধার করা হয়েছে, যাতে ঘুমানোর আগের ৬টি ধর্মীয় আমলের তালিকা লেখা ছিল। এর মধ্যে কালেমা, দুরুদ শরিফ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসি, বিসমিল্লাহির রহমানির রাহিম ২১ বার, আস্তাগফিরুল্লাহ ৩ বার এবং অন্যান্য দোয়া পাঠের উল্লেখ রয়েছে।
তদন্ত সংশ্লিষ্টদের মতে, উদ্ধার হওয়া হাতে লেখা এসব পাতা মরিয়মের চরম মানসিক দ্বন্দ্ব ও প্রতারিত হওয়ার তীব্র অনুভূতির প্রত্যক্ষ প্রমাণ বহন করছে।
মন্তব্য করুন